ডিএমপির নিউজ পোর্টালে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি, হ্যাকের সন্দেহ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি দেখা গেছে। এতে সাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে পুলিশের সঙ্গে সহিংসতার দৃশ্য সম্বলিত ছবি প্রদর্শিত হচ্ছে। একই সঙ্গে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।
পরবর্তীতে ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছিল না।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।


