টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি

টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসাধীন ভুক্তভোগীকে দেখতে গভীর রাতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দেখার পর সবাই মর্মাহত হয়েছেন। এ ধরনের জঘন্যতম ঘটনা যে ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রশাসনের সব পর্যায়ে কথা হয়েছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যতদূর শুনেছি, এ ঘটনা যে ঘটিয়েছে সে মাদকাসক্ত। টাঙ্গাইলকে কীভাবে মাদকমুক্ত করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে শহরকে নিরাপদ রাখা যায়, অপরাধ ও মাদক কমানো যায়, সে চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত বিপ্লব (২২) ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।



