দুই ইনিংসেই একই ভুলে আউট হৃদয়, পাশে দাঁড়িয়ে আশা হারাচ্ছেন না অধিনায়ক শান্ত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের ব্যাটাররা; বিশেষ করে তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম বাজে আউট হয়েছেন। তবে আলোচনার কেন্দ্রে দুই ইনিংসেই একইভাবে হৃদয়ের উইকেট বিলিয়ে দেওয়ার ধরন।
দুই ইনিংসেই হৃদয়ের আউটের ধরন ছিল দৃষ্টিকটু। প্রথম ইনিংসে সেট হওয়ার পর স্লগ খেলার চেষ্টায় তিনি বোল্ড হন। এরপরও শিক্ষা নেননি তিনি; দ্বিতীয় ইনিংসে যখন দেখেশুনে হাল ধরার কথা, দ্বিতীয় বলেই বিলাসী শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ তুলে দেন হৃদয়।
সতীর্থকে নিয়ে এমন সমালোচনার সময়ে পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার এমন পরিস্থিতিতে পড়লে হৃদয় একই ভুল আর করবেন না বলেও তিনি আশাবাদী। শান্ত বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, ও খুব স্মার্ট একটা ছেলে। খুব তাড়াতাড়ি শেখে। ওই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে, পরবর্তীতে এরকম পরিস্থিতি এলে এক্সিকিউশন হয়তো আরেকটু ভালো করবে অথবা পরিকল্পনা আরও ভালো হবে হৃদয়ের।’
তবে এই শটগুলো দিয়ে হৃদয়কে যাচাই করা উচিত হবে না বলেও জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘একেকজনের খেলা একেক রকম। চার ইনিংস দিয়ে কোনো ব্যাটসম্যানকে আমি বিচার করতে চাই না। কারও করা উচিত নয়। সবাই জানি, ওর (হৃদয়) সামর্থ্য কতটা, ও কত ভালো ব্যাটসম্যান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। এমনকি যখন প্রথম শ্রেণির ক্রিকেটও খেলে, তখনও লম্বা রান করে।’
ভুল শুধরে হৃদয় নিজের স্বাচ্ছন্দ্যের ব্যাটিংয়ে ফিরবেন বলে দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে (টেস্টে) মাত্র চারটা ইনিংস ব্যাটিং করেছে। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, ও খুব ভালোভাবেই ঘুরে দাঁড়াবে এবং বড় বড় রান করবে। এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। কারণ, ও এরই মধ্যে প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে ও কত ভালো ক্রিকেটার।’


