৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় তিন কারখানায় কর্মবিরতি, সড়কে শ্রমিকদের অবস্থান

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চল। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে অন্তত তিনটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। পাশাপাশি কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কেও নেমেছেন।
কাজ বন্ধ রেখে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন বলে জানিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ। তবে অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাইকিংয়ের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, ইউনিক, জামগড়া ও নরসিংহপুর এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার বিভিন্ন কারখানায় কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে ও কারখানার সামনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর সদস্যরা জানান, নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি কারখানা ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।
সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সকাল থেকে অধিকাংশ কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে তিনটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন।’
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, ‘কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে তিনটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ বন্ধ থাকা কারখানাগুলোকে গুরুত্ব দিতে হবে। দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে হবে।’
এদিকে সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পক্ষ থেকে পুলিশের গাড়িতে মাইকিং করা হয়। এতে শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে শিল্প পুলিশ আন্তরিক এবং আইনশৃঙ্খলা রক্ষায় শ্রমিকদের পাশে থেকে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়।
মাইকিংয়ে বলা হয়, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অত্র শিল্প এলাকায় সর্বদা আপনাদের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সেবা প্রদান করে আসছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় শ্রমিক ভাই ও বোনদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’
এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের একটি কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার একদল শ্রমিক। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে শিল্প পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে গিয়ে এক পাশে দাঁড়ানোর অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নেন।
তবে বেলা সাড়ে ১১টার দিকে তারা আবারও সড়কে অবস্থান নেন বলে প্রতিবেদনে জানা গেছে।




