গাজীপুরে বিক্ষোভে পুলিশ বক্সে আগুন, পোশাকশ্রমিকদের জন্য ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভের একপর্যায়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন; এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকালে বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। পরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন।
একপর্যায়ে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার শ্রমিকরা লাঠিসোঁটা হাতে মহাসড়কে জড়ো হন। শ্রমিক অসন্তোষের কারণে এসব এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন।
এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে তাঁরা সড়ক ছেড়ে দিলেও রবিবার সকালে আবারও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এর মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। তবে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ কমেনি বলে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি জেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে তদারকি করছে।




