আলাবামায় ফুটবল ম্যাচের পর গোলাগুলি, নিহত ১, আহত ৮

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে একটি ফুটবল ম্যাচ শেষে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্মিংহাম পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার রাত ৭টা ৫০ মিনিটের কিছু পর গ্রেম্যান অ্যাভিনিউ ওয়েস্টের ৪০০ ব্লক এলাকায় পরপর অনেকগুলো গুলির শব্দ শোনা যায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে পান।
পুলিশ কর্মকর্তা ড্যারেল ফ্রিম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, মোট নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং বাকি সাতজনের অবস্থা স্থিতিশীল।
ফ্রিম্যান বলেন, ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশের প্রপার্টি রুমে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বার্মিংহাম পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে বলে জানান ফ্রিম্যান। তিনি বলেন, ঘটনাস্থল এখনো সক্রিয় এবং নতুন নতুন তথ্য আসছে।
গোলাগুলির ঘটনাটি ঘটেছে লিজিয়ন ফিল্ডের কাছে। শনিবার দিনের বেলায় সেখানে ম্যাজিক সিটি ক্লাসিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
পুলিশ প্রধান মাইকেল পিকেট বলেন, ঘটনাটি ম্যাচ শেষ হওয়ার পর ঘটেছে এবং তা মূলত মাঠের এলাকার বাইরে ঘটেছে।

