মুক্তির আগেই রেকর্ড: ১৭৫ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘কিং’-এর বিদেশি প্রদর্শন স্বত্ব
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক রেকর্ড গড়েছে বলিউড তারকা শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘কিং’। ছবিটির বিদেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব (ওভারসিজ থিয়েট্রিক্যাল রাইটস) বিক্রি হয়েছে রেকর্ড ১৭৫ কোটি রুপিতে।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতের চলচ্চিত্র ইতিহাসে এর আগে কোনো সিনেমার বিদেশি প্রদর্শন স্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির মাইলফলকও ছুঁতে পারেনি। ফলে মুক্তির আগেই বাণিজ্যের হিসেবে অনন্য এক অবস্থানে পৌঁছাল ছবিটি।
আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশনার স্বত্ব কিনে নিয়েছে পরিবেশক সংস্থা ফার্স ফিল্মস। শাহরুখের সর্বশেষ দুই ব্লকবাস্টার ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস; এবার সেই ব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং ফার্স ফিল্মস ছবিটির বিদেশি স্বত্বের জন্য ন্যূনতম ১৭৫ কোটি রুপি নিশ্চিত করেছে।
সাধারণত আন্তর্জাতিক পরিবেশকেরা প্রেক্ষাগৃহের মোট টিকিট বিক্রির প্রায় ৫০ শতাংশ অর্থ পেয়ে থাকেন। সেই হিসাবে এই বিনিয়োগ তুলে আনতে হলে শুধু আন্তর্জাতিক বাজার থেকেই ‘কিং’-কে আয় করতে হবে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি।
শাহরুখের আগের দুই ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রতিটিই বিশ্বজুড়ে বিদেশি বাজার থেকে ৪০০ কোটি রুপির বেশি আয় করে নতুন মানদণ্ড স্থাপন করেছিল। পরিবেশকদের এই সাহসী বিনিয়োগের পর ‘কিং’ সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে লাভের মুখ দেখতে পারে কি না, সেটিই এখন চলচ্চিত্র বাণিজ্যের অন্যতম আগ্রহের বিষয়।
‘পাঠান’-এর সাফল্যের পর এই ছবির মাধ্যমে আবারও পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্দেশনায় বড় পর্দায় আসছেন শাহরুখ খান। তারকাবহুল এই চলচ্চিত্রে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা।
ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ, এই প্রথম বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন বাস্তব জীবনের বাবা-মেয়ে শাহরুখ খান ও সুহানা খান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।



