…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নাটোরে এইচএসসিতে ১৮ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: পাঁচ কর্মদিবসে কারণ জানাতে প্রধানদের নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নাটোরে এইচএসসিতে ১৮ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: পাঁচ কর্মদিবসে কারণ জানাতে প্রধানদের নোটিশ
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষায় নাটোর জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই ঘটনায় প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদনসহ কার্যালয়ে উপস্থিত হয়ে ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী জানিয়েছেন, অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছ থেকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে; তাঁদের জবাবের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাস না করা ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দুটি এমপিওভুক্ত এবং ১৬টি নন-এমপিও প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, নিয়মিত পরীক্ষা গ্রহণ ও শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

এ বছর জেলায় উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

এমপিওভুক্ত দুটি প্রতিষ্ঠান হলো গুরুদাসপুর উপজেলার চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কর্মাস কলেজ এবং নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া ফাজিল মাদ্রাসা।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটোর সদর উপজেলায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, বাগাতিপাড়া উপজেলায় পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও টিপুরিয়া হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ, গুরুদাসপুর উপজেলায় নূর মোহাম্মদ বিশ্বাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস কলেজ, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ ও বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিজনেস ইনস্টিটিউট, লালপুর উপজেলার মাকড়াম উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাধাকান্তপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, নেংগোপাড়া আলিম মাদরাসা ও রামপুর জামিরিয়া আলিম মাদরাসা, সিংড়া উপজেলার আগাপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ ও সাতার ভাগ স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠান প্রধানদের কেউ কেউ শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় অমনোযোগিতা ও প্রস্তুতির ঘাটতি এবং অভিভাবকদের গাফিলতিকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন। কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ডিসেম্বরের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নলডাঙ্গার শাখারীপাড়া ফাজিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান বলেছেন, প্রতিবছর ভালো ফলাফল হলেও এবার কেউ পাস না করায় তাঁরা বিস্মিত। তিনি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করবেন।

গুরুদাসপুরের চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানের ২৩ জন পরীক্ষার্থীই বাংলা ও ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। তাঁরা বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং পরবর্তী সরকারের দেওয়া সুযোগে পরীক্ষায় অংশ নিলে সবাই পাস করবেন বলে তিনি আশা করেন।

শিক্ষাবিদ সুবিধ কুমার অলক মৈত্র বলেছেন, কোনো প্রতিষ্ঠান থেকে একজনও শিক্ষার্থী পাস না করা উদ্বেগজনক। এর পেছনে শিক্ষার্থী ছাড়াও পাঠদান পদ্ধতি, শিক্ষকদের ভূমিকা ও ব্যবস্থাপনাগত দুর্বলতা থাকতে পারে।

নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বলেছেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

জুলাই হামলায় অভিযুক্ত সাবেক রেজিস্ট্রারকে সংবর্ধনা: জাবি প্রশাসনের ভূমিকা নিয়ে ছাত্রশক্তির নিন্দা
শিক্ষা

জুলাই হামলায় অভিযুক্ত সাবেক রেজিস্ট্রারকে সংবর্ধনা: জাবি প্রশাসনের ভূমিকা নিয়ে ছাত্রশক্তির নিন্দা

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক রেজিস্ট্রার আবু হাসানকে সংবর্ধনা…

শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, রাত ১০টা থেকে শুরু অনলাইন নিবন্ধন
শিক্ষা

শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, রাত ১০টা থেকে শুরু অনলাইন নিবন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে অনলাইন নিবন্ধন শুরু হচ্ছে …

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড ক…

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মারধরের ঘটনায় ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ জন
শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মারধরের ঘটনায় ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ জন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ…