জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর দেশের সব ভবন ও বিদেশি মিশনে পতাকা উত্তোলনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ বছর ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটির দিন হিসেবে পালিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
ঐতিহাসিকভাবে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান গৃহবন্দি হন।
পরে ৭ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন। এ ঘটনার পর দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান।
সেই ৭ নভেম্বরের ঘটনাকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদ্যাপন করা হয়, আর এবার দিবসটি উপলক্ষে দেশের সব ধরনের প্রতিষ্ঠান ও ভবনে পতাকা উত্তোলনের এই নির্দেশনা এলো।




