…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রংপুরের এরশাদ হকার্স মার্কেট: ১ হাজার ৬১ দোকানের বেশির ভাগই বন্ধ, ১৬ বছরেও ভাড়া আদায় হয়নি

নিজস্ব প্রতিবেদক
রংপুরের এরশাদ হকার্স মার্কেট: ১ হাজার ৬১ দোকানের বেশির ভাগই বন্ধ, ১৬ বছরেও ভাড়া আদায় হয়নি
ছবি: সংগৃহীত

রংপুর নগরের হনুমানতলায় রাধাবল্লভ মৌজায় নির্মিত এরশাদ হকার্স মার্কেটের ১ হাজার ৬১টি দোকানের মধ্যে ৭৪৭টি বরাদ্দ দেওয়া হলেও বেশির ভাগ দোকানই বন্ধ পড়ে আছে। ২০১০ সালে মার্কেটটি নির্মাণের পর থেকে দোকানগুলোর ভাড়া আদায় করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তৎকালীন রংপুর পৌরসভার উদ্যোগে ২ একর ২৪ শতক জমিতে মার্কেটটি নির্মাণ করা হয়। নির্মাণে ব্যয় হয়েছিল ৫ কোটি ৫৫ লাখ টাকা। মার্কেটটির নাম দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের নামে।

প্রতিটি দোকানের জন্য জামানত নেওয়া হয় অফেরতযোগ্য দেড় লাখ টাকা, আর দোকানের মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ৪৫০ টাকা। কিন্তু রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর মার্কেটটির খোঁজ নেয়নি কেউ। বরাদ্দ পাওয়া দোকানিরাও ভাড়া দেননি, আর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ভাড়ার তাগিদও দেয়নি।

শুরু থেকে ভাড়া আদায় না হওয়ায় ১৬ বছরে কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। বরাদ্দ দেওয়া দোকানগুলোর একটি অংশ আবার বেদখল হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, মার্কেটের সামনের অংশের কয়েকটি দোকানে কাপড়ের ব্যবসা চলছে। ভেতরের অধিকাংশ দোকান বন্ধ পড়ে আছে। কিছু দোকান গোডাউন ও ছোট কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। হকারদের জন্য রাখা খোলা জায়গার দোকান বা সেটগুলোও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটটিতে নিরাপত্তা ও ব্যবসার উপযুক্ত পরিবেশ নেই। সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডা বসে।

নগরের গোমস্তাপাড়ার বাসিন্দা আবুল হোসেন মার্কেটে ছয়টি দোকান বরাদ্দ নিয়েছিলেন। তিনি বলেন, ‘এখানে ব্যবসা করতে পারিনি। দোকানগুলোর ভাড়াও কেউ নেয়নি। ব্যবসার পরিবেশ নেই, পুরো মার্কেটেই দোকানপাট বন্ধ। সিটি করপোরেশনকে টাকা দেব কীভাবে, কেউ তো টাকা চায়ওনি।’

মার্কেটের সভাপতি মো. রিপন সিকদার বলেন, ‘দোকান বরাদ্দ নিয়ে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ জমিজমা বিক্রি করে দোকান নিয়েছিলেন, কিন্তু ব্যবসার পরিবেশ না থাকায় তাঁদের অনেকে অন্য কিছু করছেন।’ তিনি বলেন, সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মার্কেটটি ছয়তলা করার এবং সামনের জায়গা উন্মুক্ত করার পরিকল্পনা করেছিলেন। এ নিয়ে আলোচনা ও সভাও হয়েছিল। কিন্তু তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আর কাজ এগোয়নি।

এ বিষয়ে রসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা বলেন, প্রশাসক মার্কেটটির সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন। বৈধভাবে দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ী ও মালিক সমিতির সঙ্গে আলোচনা করে মার্কেটটি কীভাবে চালু করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ রয়েছে। তিনি বলেন, সিটি করপোরেশনের ভাড়া না দিয়ে অবৈধভাবে দখলে থাকা ব্যক্তিদের দোকান ছেড়ে দিতে বলা হবে। এ ছাড়া অব্যবহৃত হকার সেটের জায়গা পরিষ্কার করা এবং সেখানে কী ধরনের উন্নয়ন করা যায়, তা নিয়ে প্রকৌশল শাখা কাজ করছে।

রসিকের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘মার্কেটটি পরিদর্শন করেছি। এটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক জাকির আহমদ বলেন, সড়ক থেকে হকারদের সরানোর সিটি করপোরেশনের উদ্যোগটি ভালো। নগরবাসীকে এই উদ্যোগে সমর্থন জানাতে হবে, যাতে সড়কে হকার বসতে না পারে। তাঁর মতে, হকার নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের মার্কেটে স্থানান্তর করা গেলে ব্যবসার সুযোগ তৈরি হবে, পাশাপাশি নগরও পরিচ্ছন্ন থাকবে।

জাতীয় বিভাগের আরও খবর

পাবনার কাশিনাথপুরে জাতীয় যুব দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৮ প্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী
জাতীয়

পাবনার কাশিনাথপুরে জাতীয় যুব দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৮ প্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। তরুণ প্রজন্মকে স…

৩৫ উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছিল কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন
জাতীয়

৩৫ উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছিল কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন

বোয়িং ও এয়ারবাস থেকে মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা এবং ক্রয় নীতিমালা…

উখিয়ায় নলকূপ খননে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা
জাতীয়

উখিয়ায় নলকূপ খননে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে ছড়িয়ে পড়া আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা কর…

ঢাকায় শুরু বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’
জাতীয়

ঢাকায় শুরু বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (প্যাকাফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়…