পাবনার কাশিনাথপুরে জাতীয় যুব দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৮ প্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনজুড়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় কাশিনাথপুরে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহত্তর কাশিনাথপুর এলাকার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রবন্ধ ও বক্তব্যের বিষয় হিসেবে বেছে নেওয়া হয় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান, রক্তদান আন্দোলন, মাদকাসক্তি ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং বইপড়া আন্দোলন ও প্রযুক্তির সঠিক ব্যবহার। এ ছাড়া সাধারণ জ্ঞান ও বিবিধ বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ড. মো. হাফিজুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের সময় ড. মো. হাফিজুর রহমান বলেন, যুবসমাজকে নিয়ে এ ধরনের সৃজনশীল ও মননশীল অনুষ্ঠান আয়োজন অত্যন্ত প্রশংসার দাবিদার। পড়াশোনার পাশাপাশি কিশোর ও যুবকদের সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত রাখতে পারলে তাদের বিপথগামিতা থেকে রক্ষা করা সম্ভব। প্রতিযোগিতামূলক ও কল্যাণমুখী কার্যক্রমে যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সমাজ ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রয়াস যুব উন্নয়ন সংঘের সভাপতি এস এম মহিরউদ্দিন কলি বলেন, দেশের কর্মোদ্যম যুবশক্তিকে যত বেশি সঠিকভাবে কাজে লাগানো যাবে, জাতি তত বেশি সমৃদ্ধি অর্জন করবে। তিনি বলেন, কেবল বড় বড় শহর নয়, গ্রামের তরুণেরাও যেন সমাজের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখে—সংগঠনটি সেই লক্ষ্যে কাজ করছে।
এস এম মহিরউদ্দিন কলি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে পাবনার বেকার যুবকদের নানামুখী কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে একটি শপথের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক সংগঠনের সদস্য ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদক প্রতিরোধ এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।




