ক্লেমসনের কাছে হারের পর ফ্লোরিডা স্টেটের কোচ নরভেল বরখাস্ত, বাইআউট ৫ কোটি ডলারের বেশি

যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবল দল ফ্লোরিডা স্টেট তাদের প্রধান কোচ মাইক নরভেলকে বরখাস্ত করেছে। শনিবার রাতে ক্লেমসনের কাছে ৩৬-২৪ গোলে হারের পর রোববার বিকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। হাজার হাজার খালি আসনের সামনে ওই হারের পরই বিশ্ববিদ্যালয় সভাপতি রিচার্ড ম্যাককালো প্রশাসক ও দাতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
এ মৌসুমে ফ্লোরিডা স্টেটের রেকর্ড দাঁড়িয়েছে ৩ জয় ও ৫ হার, আর আটলান্টিক কোস্ট কনফারেন্সে (এসিসি) জয় মাত্র একটি। ভক্তদের মধ্যে অসন্তোষ এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেকে ডোক স. ক্যাম্পবেল স্টেডিয়ামে খেলা দেখতে আসাই বন্ধ করে দেন।
সিদ্ধান্ত ঘোষণা করে সভাপতি রিচার্ড ম্যাককালো বলেন, ‘আমরা আমাদের ফুটবল প্রোগ্রামের নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ফ্লোরিডা স্টেটের প্রতি প্রতিশ্রুতি ও সেবার জন্য মাইক নরভেলকে ধন্যবাদ জানাই এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য শুভকামনা রইল। সেমিনোল ভক্তদের গভীর আবেগ আমরা বুঝি এবং এই প্রোগ্রাম নিয়ে তাঁদের উচ্চ প্রত্যাশা আমরাও ভাগ করে নিই।’
বরখাস্ত হলেও নরভেলের পাওনা কম নয়। তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর সময় যে বাইআউট ধারা যুক্ত হয়েছিল, সে অনুযায়ী তাঁকে ৫ কোটি ৩ লাখ ডলার দিতে হবে বিশ্ববিদ্যালয়কে।
নরভেলের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে রিক স্টকস্টিলের নাম ঘোষণা করা হয়েছে।
তিন বছর আগে ফ্লোরিডা স্টেট কলেজ ফুটবল প্লে-অফের দৌড়ে ছিল। সেবার নিয়মিত মৌসুমে ১২-০ রেকর্ড গড়লেও কোয়ার্টারব্যাক জর্ডান ট্র্যাভিসের মৌসুম শেষ হয়ে যাওয়া চোটের পর দলটি পোস্টসিজন থেকে বাদ পড়ে। এরপর সেই সাফল্য আর ফিরে আসেনি—২০২৪ সালে দলের রেকর্ড ছিল ২ জয় ও ১০ হার, আর গত মৌসুমে ৫ জয় ও ৭ হার।
সমস্যা শুধু কোচকে ঘিরে নয়। গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক পরিচালক মাইকেল অ্যালফোর্ডকেও বরখাস্তের ঘোষণা দেয়, ফলে নতুন অ্যাথলেটিক পরিচালক খোঁজার কাজও চলছে।
কয়েক দিন আগেই সভাপতি ম্যাককালো সমর্থকদের কাছে খোলা চিঠি লিখে মৌসুমের বাকি সময় শিক্ষার্থী-খেলোয়াড়দের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন। দুই সপ্তাহ আগে মায়ামির সঙ্গে অতিরিক্ত সময় পর্যন্ত যাওয়া লড়াই না হলে এই সিদ্ধান্ত আরও আগেই আসতে পারত বলে মনে করা হচ্ছে।
সপ্তাহান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিমানের ব্যানার নিয়েও আলোচনা হয়, যেখানে নরভেলকে বরখাস্তের দাবি জানানো হয়েছিল—যদিও ব্যানারে তাঁর নামের বানান ভুল ছিল।
এখন ফ্লোরিডা স্টেটের সামনে নতুন প্রধান কোচ খোঁজার পালা, একই সঙ্গে নতুন অ্যাথলেটিক পরিচালকও নিয়োগ দিতে হবে প্রতিষ্ঠানটিকে।



