আগাম বখশিশ দিলে কার্ডে স্টিকার: কার্নিভাল ক্রুজের নতুন উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া

ক্রুজ জাহাজে আগাম বখশিশ (গ্র্যাচুইটি) পরিশোধ করেছেন কি না, তা যাত্রীর ক্রুজ কার্ডে স্টিকার লাগিয়ে চিহ্নিত করার একটি পরীক্ষামূলক কর্মসূচি শুরু করেছে কার্নিভাল ক্রুজ লাইন। এ নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—কেউ একে স্বীকৃতি হিসেবে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ বলছেন, বখশিশ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে প্রদর্শনের নয়।
গত ২৮ অক্টোবর এক টিকটক ব্যবহারকারী তাঁর সাম্প্রতিক কার্নিভাল প্যানোরামা ভ্রমণের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাঁর ক্রুজ কার্ডে নতুন একটি স্টিকার দেখা যায়, যাতে লেখা ছিল, ‘ক্রু লাভ, আই প্রি-পেইড মাই গ্র্যাচুইটিজ’—অর্থাৎ তিনি আগাম বখশিশ পরিশোধ করেছেন।
ওই যাত্রী তাঁর কেবিনে রেখে যাওয়া একটি ধন্যবাদ-বার্তাও দেখান। বার্তায় বলা হয়, তাঁর এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় এবং এটি সেই অনেক কর্মীকে স্বীকৃতি দিতে সাহায্য করে, যাঁরা একসঙ্গে কাজ করে ক্রুজ ভ্রমণকে আনন্দদায়ক, স্মরণীয় ও উপভোগ্য করে তোলেন। বার্তায় আরও বলা হয়, ‘কার্নিভালকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ; আমরা বিশ্বাস করি, আপনি মজা, বিশ্রাম ও অবিস্মরণীয় মুহূর্তে ভরা চমৎকার একটি ক্রুজ উপভোগ করছেন।’
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক বিবৃতিতে কার্নিভাল ক্রুজ লাইন বলেছে, ‘কার্নিভালের বখশিশ কর্মসূচি অতিথিদের জন্য আমাদের পরিশ্রমী কর্মীদের স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় এবং এটি নিশ্চিত করে যে বখশিশ অতিথিদের সামনে থাকা কর্মী ও পর্দার আড়ালে থাকা ক্রু—সবার মধ্যে ভাগ হয়, যাঁরা চমৎকার ছুটি সম্ভব করে তোলেন।’
কোম্পানিটি আরও বলেছে, ‘আমাদের কর্মীরা প্রতিটি অতিথিকেই চমৎকার সেবা দেন। ‘ক্রু লাভ’ স্টিকার ও ধন্যবাদ-বার্তা কেবল আমাদের ক্রুদের জানানোর একটি উপায় যে একজন অতিথি আগাম বখশিশ পরিশোধ করেছেন; একই সঙ্গে এটি সেই অতিথিদের উদারতার জন্য সামান্য স্বীকৃতিও।’ কার্নিভাল জানিয়েছে, এটি একটি বৃহত্তর পরীক্ষামূলক কর্মসূচির একটি অংশ মাত্র এবং যাত্রীদের মতামত শুনে তারা এটি মূল্যায়ন করছে।
তবে সব যাত্রী এই উদ্যোগে খুশি নন। এক টিকটক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি আগাম বখশিশ দিই, কিন্তু আমার মনে হয় এটা আমার নিজের বিষয়, সবার জানার বিষয় নয়। এটা আমার একদমই পছন্দ হয়নি। আগাম পরিশোধের সামর্থ্য যাদের নেই, তাদের লজ্জা দেওয়া উচিত নয়।’
আরেকজন যাত্রী লিখেছেন, তাঁর পরিবেশনকারী ও কেবিনকর্মীরা নগদ বখশিশই বেশি পছন্দ করেন, কারণ তা সরাসরি তাঁদের পকেটে যায়। আবার বিপরীত মতও আছে—একজন লিখেছেন, ‘আমার সব সময় মনে হয়েছে, আগাম বখশিশ দিলে ভালো সেবা পাওয়া যায়।’ আরেকজন জানিয়েছেন, তিনি সব সময় আগাম বখশিশ দেন এবং এর ওপর অতিরিক্ত ২৫০ থেকে ৩০০ ডলার পর্যন্ত বখশিশ দিয়ে থাকেন, এবং স্টিকারের এই ভাবনাটি তাঁর ভালো লেগেছে।
রেডিটেও এই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, বিষয়টি অত্যন্ত রুচিহীন; তাঁর মতে, শুধু স্টিকার নয়, অ্যাপেও একটি প্রদর্শনী রয়েছে, ফলে পরিবেশনকারীসহ যাঁদের সঙ্গে যাত্রীর যোগাযোগ হয়, তাঁরা সবাই তা দেখতে পান। আরেকজন স্টিকারটিকে ‘অত্যন্ত বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন এবং প্রশ্ন তুলেছেন, বখশিশের বিষয়টি কেন প্রকাশ্য করতে হবে।
আরেকজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, তিনি সাধারণত এক সপ্তাহ আগে বখশিশ পরিশোধ করে রাখেন যাতে পরে কোনো চমক না থাকে, কিন্তু এর জন্য কিন্ডারগার্টেনের শিশুর মতো ‘ভালো কাজ করেছ’ ধরনের স্টিকার তিনি চান না।
ক্রুজের খরচ ও ফি নিয়ে যাত্রীদের অসন্তোষের ধারাবাহিকতায় এই বিতর্ক এসেছে। চলতি বছরের শুরুতেই ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছিল, বেশ কয়েকটি বড় ক্রুজ লাইন দৈনিক বখশিশের হার বাড়ানো ও সার্ভিস চার্জ যোগ করায় যাত্রীরা হতাশ হচ্ছেন। এ বছর কার্নিভালের পানীয় ও ওয়াই-ফাই প্যাকেজে পরিবর্তনশীল মূল্য (ডায়নামিক প্রাইসিং) চালুর পরিকল্পনার বিরুদ্ধেও যাত্রীদের আপত্তির খবর প্রকাশিত হয়েছিল।



