পঞ্চগড়ের বোদায় মিলল অ্যালবিনিজম বৈশিষ্ট্যের বিরল হলদে-সাদা জলঢোঁড়া সাপ

পঞ্চগড়ের বোদা উপজেলায় দেখা মিলেছে ব্যতিক্রমী এক জলঢোঁড়া সাপের। শরীরজুড়ে নেই স্বাভাবিক রঙের ছোপ। সাধারণ জলঢোঁড়া সাপ দেখতে বাদামি ও কালচে রঙের হয়ে থাকে; সে কারণে হলদেটে-সাদা বর্ণের এই সাপটি আলাদা করে নজর কেড়েছে।
সম্প্রতি ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অ্যালবিনিজম নামের বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে। সাপটি জলঢোঁড়া বা চেকার্ড কিলব্যাক; এর বৈজ্ঞানিক নাম ফাওলিয়া পিসকেটর। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ।
অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়, বরং প্রাণীর জন্মগত জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়, ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।
উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম জানান, সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তন হয়েছে এবং এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না।
কয়েকবার খোলস বদলানোর পর সাপটির শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসে কি না, তা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এরপর উপযুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।




