আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ; সড়কের পাশের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি

সাভারের আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গ্রুপের কারখানার সামনে জড়ো হন। পরে তারা হামীম গ্রুপের কারখানার সামনে যান এবং সেখানে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পরিস্থিতির কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে থাকা অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বেলা ১১টায় পাওয়া সবশেষ খবর অনুযায়ী, ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।



