পঞ্চগড়ের বোদায় মিলল অ্যালবিনিজম বৈশিষ্ট্যের বিরল হলদে-সাদা জলঢোঁড়া
পঞ্চগড়ের বোদা উপজেলায় দেখা মিলেছে ব্যতিক্রমী এক জলঢোঁড়া সাপের, যার শরীর জুড়ে স্বাভাবিক রঙের কোনো ছোপ নেই। সাধারণ জলঢোঁড়া দেখতে বাদামি ও কালচে রঙের হলেও এই সাপটির হলদেটে-সাদা বর্ণ আলাদা করে নজর কেড়েছে।
সম্প্রতি ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অ্যালবিনিজম নামের বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণেই সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে।
সাপটি জলঢোঁড়া বা চেকার্ড কিলব্যাক প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম ফাওলিয়া পিসকেটর এবং এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ।
সাধারণত এই প্রজাতির শরীরে বাদামি ও কালচে ছোপ থাকার কথা থাকলেও অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে দেখা গেছে হলদেটে-সাদা বর্ণ।
অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়; এটি প্রাণীর জন্মগত জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়, ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে এবং অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।
উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম জানান, সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে এবং অ্যালবিনিজমের কারণেই এর স্বাভাবিক রঙ বদলে গেছে। তাঁর ভাষায়, এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না।
কয়েকবার খোলস বদলানোর পর সাপটির শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসে কি না, তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরপর উপযুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হবে।




