টরন্টোতে মঞ্চে অভিনয়ের মাঝেই লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম, আইসিইউতে চিকিৎসাধীন

অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। গুরুতর অসুস্থ অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়; তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
কানাডার স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে টরন্টোর একটি মিলনায়তনে এ ঘটনা ঘটে। “প্রাচ্য প্রতিচ্য” প্রযোজিত “দেওয়ান গাজীর কিসসা” নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন মাহমুদুল ইসলাম সেলিম; নাটকের মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন মাহমুদুল ইসলাম সেলিম। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল।
প্রিয় শিল্পীকে মঞ্চে এভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার পর টরন্টোসহ কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
মাহমুদুল ইসলাম সেলিমের সহধর্মিণী লাভলী বেগম তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় নাট্যব্যক্তিত্বের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে অনেকে তাঁর সুস্থতা কামনা করেছেন।
বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ মাহমুদুল ইসলাম সেলিম। নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
কানাডায় প্রবাসজীবনেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন মাহমুদুল ইসলাম সেলিম। তাঁর অভিনয় ও নির্দেশনায় প্রবাসের মঞ্চে বাংলা নাটক নতুন মাত্রা পেয়েছে।




