…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নেপালে তায়কোয়ানডোয় দুই স্বর্ণসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় পদক

নিজস্ব প্রতিবেদক
নেপালে তায়কোয়ানডোয় দুই স্বর্ণসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় পদক
ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে তারা এই সাফল্য অর্জন করেন।

স্বর্ণপদকজয়ী মো. শাহীন আলী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জয়ের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক অর্জন করেছেন তিনি; আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের পাশাপাশি টানা দ্বিতীয়বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার। শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সভাপতি।

অন্য স্বর্ণপদকজয়ী রিদওয়ান তাসকিন রাতুল বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী। এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেস্টিভ্যালে রৌপ্যপদক অর্জন করেন তিনি। বর্তমানে তিনি রাজশাহীর এআরসি গ্লোবাল তায়কোয়ানডো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে তার।

রৌপ্যপদক অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. নাঈম আলী। ৩৩ থেকে ৪৯ বছর বয়সীদের মাস্টার ক্যাটাগরির ব্যক্তিগত পুমসে বিভাগে অংশ নিয়ে তিনি এই পদক জেতেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদকজয়ী নাঈম বর্তমানে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন এবং তায়কোয়ানডো স্পোর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনটি তাম্রপদক জিতেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মরিয়ম।

সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক জিতেছেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সহসভাপতি।

কামরুজ্জামানও প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। পাশাপাশি ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তাম্রপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্রপদক জিতেছেন তিনি। বর্তমানে তিনি ক্লাবটির প্রচার সম্পাদক। মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন; ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জেতেন তিনি এবং বর্তমানে ক্লাবের ক্রীড়া সম্পাদক।

প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের কোচ ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক ও তায়কোয়ানডো কোচ কামরুজ্জামান চঞ্চল। তিনি ক্লাবের তায়কোয়ানডো বিশেষজ্ঞ উপদেষ্টা, কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্টধারী, একজন আন্তর্জাতিক তায়কোয়ানডো মাস্টার এবং বাংলাদেশ তায়কোয়ানডো জাতীয় দলের সাবেক কোচ।

প্রতিযোগিতাটি ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়া ও মালদ্বীপসহ নয়টি দেশের প্রায় ৫০০ খেলোয়াড় কিয়োরুগি (ফাইট) ও পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শিক্ষা বিভাগের আরও খবর

দিনমজুরি করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাজশাহীর আরাফাত হোসেন
শিক্ষা

দিনমজুরি করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাজশাহীর আরাফাত হোসেন

ভোরে ঘুম থেকে জেগে পড়াশোনা, পরে একটু বেলা হলেই জীবনের তাগিদে মাঠে ছুটে যাওয়া। দিনমজুরের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরা—এভাবেই চলছিল ১৮ বছর বয়সী তরুণ…

এইচএসসিতে পিছিয়ে রাজশাহীর গ্রামের সরকারি কলেজ: ৯ উপজেলা কলেজের গড় পাস ৪১.১০ শতাংশ
শিক্ষা

এইচএসসিতে পিছিয়ে রাজশাহীর গ্রামের সরকারি কলেজ: ৯ উপজেলা কলেজের গড় পাস ৪১.১০ শতাংশ

রাজশাহীর ৯টি উপজেলা সরকারি কলেজের শিক্ষার্থীরা এবারের এইচএসসি পরীক্ষায় ভালো ফল করতে পারেননি। ছয়টি কলেজের পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডের গড় পাসের …

শিক্ষা

নীলফামারীর মাদ্রাসায় ১৯১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র ১১, সুপারকে ঢাকায় তলব

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়াভেড়ি কামাল উদ্দিন দাখিল মাদ্রাসায় ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে পরিদর্শনের দিন উপস্থিত ছিল মাত্র ১১ জন। শিক্ষার্থীদের এ…

অভাবের সংসার জয় করে এইচএসসিতে জিপিএ-৫ কুড়িগ্রামের যমজ বোন রহিমা ও রাবেয়ার
শিক্ষা

অভাবের সংসার জয় করে এইচএসসিতে জিপিএ-৫ কুড়িগ্রামের যমজ বোন রহিমা ও রাবেয়ার

অভাব-অনটনের সংসারে পড়ালেখার খরচ জোগাতে হয়েছে সংগ্রাম। সেই প্রতিকূলতার মধ্যেও দমে যাননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয…