নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলে মিন্টুর দুই দিনের রিমান্ড
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিন্টুকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ ঘটনায় গত ২৭ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটে এমপি আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে নাটোর ডিবি কার্যালয়ে আনা হয়।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন শাকিল। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণে বাঁচতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁরা পালিয়ে যান। এতে শাকিলের হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তিনি মারা যান।


