আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান, দালাল চক্রের সাত সদস্যের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে এসআরবি-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার এসআরবি-২-এর পরিচালিত বিশেষ অভিযানে এই ১২ জনকে আটক করা হয়। এরপর এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে সাতজনকে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিন, দুজনকে সাত দিন এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক বাকি পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এসআরবি-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে পাসপোর্ট সেবা নিতে আসা ব্যক্তিদের হয়রানি করে আসছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল বা ভুয়া কাগজপত্র তৈরি এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে চক্রটি গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট সরবরাহ না করা এবং জাল কাগজপত্র দিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ পায় এসআরবি-২।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগারগাঁও পাসপোর্ট অফিসকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে এসআরবি-২-এর অভিযান অব্যাহত থাকবে।


