…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কালিয়াকৈরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক
কালিয়াকৈরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সোমবার পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা, শ্রমিক, পুলিশ ও যাত্রীদের সূত্রে জানা গেছে, টানা শ্রমিক আন্দোলনের পর গতকাল রোববার সরকার মজুরি বোর্ড গঠন করে। এরপরও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করেন।

সকাল আটটার দিকে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে মৌচাক, সফিপুর, আনসার একাডেমির ৩ নম্বর গেট, হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। অবরোধে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা সফিপুরের আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় বিদ্যুতের খুঁটি আড়াআড়ি ফেলে মহাসড়ক বন্ধ করে দেন। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ স্থানীয়দের সহায়তায় খুঁটিটি মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বেলা ১১টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় বিজিবি, কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকেরা এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ইটপাটকেলের আঘাতে বিজিবি সদস্য কবির, সাংবাদিক দেলোয়ার হোসেন ও আবদুল মান্নানসহ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ফ্লাইওভারের ওপর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে সেখানে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না। তাঁদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

পুলিশের ভাষ্য, শ্রমিকদের নামে তৃতীয় পক্ষ বা একটি শক্তি দেশকে অস্থিতিশীল করতে কয়েক দিন ধরে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ অভিযোগে গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সড়কে নামেন। ‘শিল্প বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হন। সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সরানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও পোশাকশ্রমিক আহত হন এবং আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ বলেন, ‘ইতিমধ্যে মজুরি কমিশন বোর্ড গঠন করেছে সরকার। খুব তাড়াতাড়ি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হবে। তারপরও শ্রমিকেরা কিন্তু রাস্তায় নামার কথা না।’ তিনি আরও বলেন, খবর পেয়ে তাঁরা জানতে পেরেছেন, পল্লীবিদ্যুৎ এলাকায় ও চন্দ্রা এলাকায় কয়েকজন অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং শ্রমিকদের নাম করে রাস্তা অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। কিন্তু মজুরি কমিশন বোর্ড গঠন করার পর শ্রমিকেরা আশাবাদী, তাঁদের আন্দোলনে যাওয়ার কথা না।’ তিনি বলেন, শ্রমিকদের নামে তৃতীয় পক্ষ বা শক্তি দেশকে অস্থিতিশীল করতে কয়েক দিন ধরে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে—এমন অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

সোমবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কয়েক দিন ধরে চলা এই আন্দোলনে গাজীপুরের শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে মজুরি আন্দোলন: দেড় শতাধিক কারখানায় ছুটি, পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
জাতীয়

গাজীপুরে মজুরি আন্দোলন: দেড় শতাধিক কারখানায় ছুটি, পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সোমবারও (২ নভেম্বর) রাস্তায় নেমেছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের…

সাড়ে চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

সাড়ে চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরে শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে চার ঘণ্টা পর যান …

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত; ছুটির কারখানা বেড়ে ২৫০
জাতীয়

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত; ছুটির কারখানা বেড়ে ২৫০

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ফ্লাইওভারের ওপর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। এছাড়া শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘা…

গাজীপুরে পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, দাবি ৩০ হাজার টাকা মজুরি
জাতীয়

গাজীপুরে পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, দাবি ৩০ হাজার টাকা মজুরি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।…