কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেলচালক আমিরুলের
রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মো. আমিরুল ইসলাম নামে এক মোটরসাইকেলচালকের। সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দ্রুতগামী দুটি গাড়ি প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদরের চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির বলেন, রায়েরবাগ ফুটওভারব্রিজের নিচে দ্রুতগামী দুই গাড়ি প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আমিরুল গুরুতর আহত হয়েছিলেন। তাঁর পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।




