কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাট মালিকদের সতর্ক করে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন।
আজ সোমবার বিকেলে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষর করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা পরিবারের সদস্য নন—এমন কাউকে আশ্রয় দিলে অথবা কোনো বহিরাগত কিংবা অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা বা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
ভাড়াটিয়ার বাসায় পরিবারের সদস্য নন—এমন বহিরাগত ব্যক্তি বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত পুলিশ কিংবা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাড়ি ও ফ্ল্যাট মালিকদের এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্দেশনাটিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা না মানায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার নিতে হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা যাতে এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। কালিয়াকৈরে এ আন্দোলনের প্রভাব বেশি পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।




