৭ ডিসেম্বরের মধ্যে পুরো প্যাকেজের টাকা না দিলে হজযাত্রা অনিশ্চিত, জানাল হাব

২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত যাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে প্রাথমিক নিবন্ধন বাতিল হতে পারে এবং তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।
হাবের মহাসচিব বলেন, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য সৌদি সরকার ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূর্ণ হওয়ার পরও প্রায় ২০ হাজার হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন।
অপেক্ষমাণ ওই যাত্রীদের হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সৌদি সরকারের কাছে অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হাব। এ জন্য সরকারিভাবে কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবি জানান মহাসচিব।
লিখিত বক্তব্যে বলা হয়, চলতি বছরের হজ কার্যক্রমে মেডিকেল ফির নামে আটকে রাখা প্রায় ৩০ লাখ সৌদি রিয়াল ইতোমধ্যে ফেরত পাওয়া গেছে। এ অর্থ ফেরত পেতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে বকেয়া অবশিষ্ট অর্থ দ্রুত ফেরত পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে সৌদি সরকার ও দূতাবাস, বাংলাদেশ দূতাবাস এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। আগামী বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করে সংগঠনটি।




