ইনফান্তিনোকে নিয়ে ৪২ প্রশ্নের চিঠি উয়েফার, ফিফার উত্তরের অপেক্ষা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও নানা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে উয়েফা। ইনফান্তিনোর শাসনকাল ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে উদ্ভূত বিতর্ক ও উদ্বেগের জেরে ইউরোপীয় ফুটবলের সংস্থাটি ফিফাকে একটি জরুরি চিঠি পাঠিয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে উয়েফা।
উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে পাঠানো ওই চিঠিতে ১২টি আলাদা বিষয়ের ওপর ভিত্তি করে মোট ৪২টি প্রশ্ন উত্থাপন করেছেন।
প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প এবং ‘ফিফা পিস প্রাইজ’ সংক্রান্ত বিতর্ক।
এ ছাড়া ওই চিঠিতে ইনফান্তিনোর সভাপতিত্বের স্বচ্ছতা, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে সবশেষ তথ্য অনুযায়ী ফিফার কাছ থেকে এখনো কোনো উত্তর পায়নি উয়েফা।
ফিফা প্রতিযোগিতা ও বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য আলাদা কোম্পানি গঠন এবং বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তার অংশীদারত্ব বিক্রির উদ্যোগ নিয়েও তীব্র সমালোচনা করেছে উয়েফা। কাউন্সিলের যথাযথ পরামর্শ ছাড়া এই পরিকল্পনা এগিয়ে নেওয়া এবং আর্থিক স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ফুটবলের সংস্থাটি।
এই বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার জন্য ফিফার ওপর চাপ সৃষ্টি করেছে উয়েফা। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এই চিঠি ও ফিফার জবাব দুই সংস্থার মধ্যকার সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

