বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন চতুর্থ দিনে গড়ানোর দিনই এলো মন্ত্রীর এই বক্তব্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা হবে। তিনি বলেন, কিছু কিছু দুষ্কৃতকারী হয়তো হামলা করতে চাচ্ছে, কারণ শ্রমিকদের দাবি-দাওয়া যা ছিল সরকার সেটা পূরণ করেছে। মজুরি বোর্ড গঠন হয়েছে এবং তারা সন্তুষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, প্রায় সকল শ্রমিক নেতৃবৃন্দ — গার্মেন্টস এবং নিট, বিকেএমইএ সম্পর্কিত যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ — সবার সঙ্গে সোমবার কথা হয়েছে। মালিক পক্ষের সঙ্গেও কথা হয়েছে এবং সবাই সন্তুষ্ট। এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য যে বোর্ড গঠিত হয়েছে, সেই বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ওই বোর্ডেই শ্রমিক পক্ষ দর-কষাকষি করবে। শ্রমিকদের জন্য সবচাইতে সহায়কভাবে, তাদের জীবনমান উন্নয়নে যেভাবে সহায়ক হয়, সেদিকে দৃষ্টি রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও আহ্বান জানিয়েছে। সেই আলাপ-আলোচনা ওখানে হবে। কিন্তু এখন কোনো অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই বলে তিনি যোগ করেন।
এদিকে মঙ্গলবার আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েও শ্রমিকদের আন্দোলন থামানো যায়নি। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। সকাল থেকে নিশ্চিন্তপুর-নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় গিয়ে হাজিরা দেন। এরপর কাজ বন্ধ করে দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন। নরসিংহপুরের হা-মীম গ্রুপ ও নিশ্চিন্তপুরের নিউএজ কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে আসেন। পরে তারা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল আটটার পর থেকে বেলা ১১টা পর্যন্ত নিশ্চিন্তপুর থেকে নরসিংহপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউনিক এলাকায় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের মুখে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ৫৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।
হা-মীম গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, তারা এর বাস্তবায়ন চান। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকেরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন, এটা যেমন সত্য, তেমনি কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের উসকানি দেওয়ার কারণেই আন্দোলন থামছে না, এটাও সত্য।
অস্থিরতার পরিকল্পনা ডিসেম্বরের ছিল উল্লেখ করে এ বিষয়ে আগে থেকে গোয়েন্দা তৎপরতার অভাব ছিল কি না — এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অতীত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার এটা কঠোর হস্তে দমন করবে বলে তিনি জানান।



