অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের সংবর্ধনায় বড় ঘোষণা, প্রত্যেক খেলোয়াড় পাবেন এক লাখ টাকা পুরস্কার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলটির সাফল্য উদযাপনে মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে জমকালো সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দেন, দলের প্রত্যেক সদস্যকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আমিনুল হক বলেছেন, ‘আমরা এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে এখানে উপস্থিত হয়েছি। আমি কিছুটা সারপ্রাইজ রেখেছিলাম। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে পুরস্কার দেব।’
তিনি আরও বলেছেন, ‘পুরস্কারের অঙ্কটা বড় বিষয় নয়। সরকার খেলোয়াড়দের পাশে রয়েছে, দেশ খেলোয়াড়দের পাশে রয়েছে, দেশের মানুষ খেলোয়াড়দের পাশে রয়েছে—এই বার্তাটি আমরা প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি পরিবারে পৌঁছে দিতে চাই।’
আজারবাইজানে অনুষ্ঠিত ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬’-এ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের কিশোররা। ৩০ অক্টোবর শিরোপার লড়াইয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
টুর্নামেন্টের কাঠামো অনুযায়ী, গ্রুপ পর্বে পঞ্চম হওয়া দলগুলোকে নিয়ে গঠিত টায়ার প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সেখানেই দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন দলের অধিনায়ক। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। অধিনায়কের চাওয়া, এই দলের খেলোয়াড়দের যেন নিয়মিত অনুশীলন ও পরিচর্যার আওতায় রাখা হয়, যাতে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকে।
জবাবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তরুণদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে বড় দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের কিশোরদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা যে গ্রুপে পড়েছিলাম, সেখানে পর্তুগালও ছিল। বাংলাদেশ দল এই বয়সেই পর্তুগাল, ওয়েলস, ফিজি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দলের বিপক্ষে খেলেছে। যেসব দলের নাম শুনলে আগে আমরা ভয় পেতাম, আজ আমাদের কিশোররা প্রমাণ করেছে, ভবিষ্যতে তাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে।’
আগামী বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়েও আশাবাদী বাফুফে সভাপতি। তার বিশ্বাস, সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা পেলে এই প্রজন্মের ফুটবলাররা একদিন বিশ্বমঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে।



