ব্রাসেলসে বুধবার ইউক্রেন পুনর্গঠন নিয়ে আলোচনা বসছে, থাকছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বুধবার ব্রাসেলসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও প্রধান ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা আয়োজন করছে ইউরোপীয় কমিশন। মঙ্গলবার কমিশনের মুখপাত্র পাওলা পিনহো বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে ওয়াশিংটন, কিয়েভ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ন্যাটো ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা অংশ নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইইউ কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, আলোচনায় ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা, পুনর্গঠনের জন্য অর্থনৈতিক সহায়তা এবং দেশটির ভবিষ্যৎ সংক্রান্ত অন্যান্য বিষয় উঠে আসবে।
গত মাসে মায়ামি ও অসলোতে অনুষ্ঠিত আলোচনার পর এই বৈঠক হচ্ছে, যেখানে মূলত একই অংশগ্রহণকারীরা ছিলেন। পিনহো বলেন, বুধবারের এই সমাবেশ মায়ামির আলোচনার ওপর ভিত্তি করে এগোবে, যার লক্ষ্য ছিল ইউক্রেনে স্থায়ী ও টেকসই শান্তি নিশ্চিত করা।
পিনহো জানান, ইইউর পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন, তবে নির্দিষ্ট অংশগ্রহণকারীদের নাম তিনি জানাননি। আগের বৈঠকগুলোতে ইইউর প্রতিনিধিত্ব করেছিলেন উরসুলা ভন ডার লেয়েনের দপ্তরপ্রধান বিয়োর্ন সেইবার্ট।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পক্ষ থেকে কারা আসবেন, তা নিশ্চিত করতেও অস্বীকৃতি জানান পিনহো। তিনি বলেন, ‘আমি এখন পারছি না। ওই তথ্যের জন্য আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।’




