জার্মানি, স্পেন ও হংকংয়ে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জার্মানিসহ তিনটি দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে জার্মানি, স্পেন ও হংকংয়ে এই কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বর্তমানে ১৭টি দেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। নতুন তিন দেশে কার্যক্রম শুরু হলে আনুষ্ঠানিকভাবে এ সংখ্যা দাঁড়াবে ২০টিতে।
তবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্যও এনআইডি সেবা চালু রয়েছে। ফলে নতুন তিন দেশসহ মোট ২২টি দেশে এই সেবা পাওয়া যাবে।
এনআইডি সেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে হংকং ও জার্মানিতে কারিগরি দল পাঠাবে ইসি। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্পেনে যাবে কারিগরি দল।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম সম্প্রসারণে মোট ৪০টি দেশকে বিবেচনায় নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসহ (বায়রা) বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এসব দেশ চিহ্নিত করা হয়েছে।



