আশুলিয়া-সাভারে শ্রমিক পরিচয়ে বিশৃঙ্খলার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে, জানালেন ঢাকার এসপি শামীমা পারভীন
আশুলিয়া ও সাভারের তৈরি পোশাকশিল্পে শ্রমিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
তিনি বলেন, বোরকা ও হেলমেট পরে কারা শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তা শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এসপি শামীমা পারভীন।
তিনি বলেন, গত দুই দিন ধরে শ্রমিক পরিচয় ব্যবহার করে তৈরি পোশাকশিল্প ধ্বংস ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।
শামীমা পারভীন বলেন, ‘আপনারা জানেন, গত ১৭ বছর ধরে আমরা হেলমেট বাহিনীর সঙ্গে পরিচিত। একইভাবে, বোরকা বা হিজাব ব্যবহার করে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের সম্পর্কেও আমরা অবগত। এ বিষয়ে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।’
এসপি বলেন, তৈরি পোশাক শ্রমিকদের মূলত কোনো দাবি-দাওয়া ছিল না। যেকোনো দাবির একটি সূচনা ও নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। নিয়মতান্ত্রিকভাবেই দাবিগুলো উত্থাপন করা হয়। কিন্তু কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই দুই দিন আগে হঠাৎ শ্রমিক অসন্তোষ শুরু হয়।
তিনি বলেন, ‘ঢাকা জেলার সার্বিক পরিস্থিতি শান্ত। ইপিজেডেও পরিস্থিতি শান্ত রয়েছে। আশুলিয়া ও সাভারের প্রতিটি কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। হঠাৎ করেই শ্রমিক অসন্তোষ শুরু হতে দেখা গেছে। তবে এরা প্রকৃত শ্রমিক নন। শ্রমিক পরিচয় ব্যবহার করে বাইরে থেকে আসা কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
এসপি আরও বলেন, বোরকা ও হেলমেট বাহিনীর বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। কারা তাদের ইন্ধন দিচ্ছে, অর্থের জোগান দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সে বিষয়েও পুলিশের কাছে তথ্য আছে।
তিনি বলেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।



