এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে তারা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলে হারিয়েছে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, ফুটবল কলামিস্ট ও বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির এবং বাফুফের নির্বাহী সদস্য সাঈদ হাসান কানন, ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন।
ব্যক্তিগত পুরস্কারে ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়—দুটি পুরস্কারই পেয়েছেন ড্যাফোডিলের ইউনুস আবু বকর। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআইইউবির আক্কাস আলি।
সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন এআইইউবির মেহেদি হাসান এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন একই দলের রাশেদুল ইসলাম। টুর্নামেন্টজুড়ে ভালো খেলা খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বাড়ানোই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তাঁদের প্রত্যাশা, এই আসর থেকে আগামী দিনে জাতীয় দলের উপযোগী ফুটবলার তৈরি হবে।



