ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম সুষ্ঠু, ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন স্পিকার হাফিজ উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (৩ নভেম্বর) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে। তাঁর ভাষ্য, এ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। তাঁর ভাষ্য, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়।
তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনে তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং সার্বিক রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংসদীয় বিতর্ক শোনা ও বোঝার প্রক্রিয়া সহজতর করার বিষয়ে তাঁরা মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বি-স্ক্যান বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।



