আখতারুজ্জামানকে নিয়ে জামায়াতের আয়োজনে রাশেদ খাঁনের কটাক্ষ: ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করল ৭১-এর রাজাকার’
মেজর (অব.) আখতারুজ্জামানকে নিয়ে জামায়াতের আয়োজন দেখে জনগণ ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১-এর রাজাকার’ বলে মন্তব্য করছে—এ কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনকারীদের সবাইকে রাজাকারের সন্তান বললেও মেজর আখতারুজ্জামান এখন জামায়াতের কাছে হিরো।
তিনি লিখেছেন, ফেস দ্য পিপল আয়োজিত আলোচিত সেই টকশোতে তিনিও উপস্থিত ছিলেন। তাঁকেও মেজর আখতারুজ্জামান রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করেছিলেন। আন্দোলন করছে জামায়াত-শিবির ও রাজাকারের সন্তানেরা বলেও মন্তব্য করেছিলেন তিনি।
রাশেদ লেখেন, সে সময় ফেস দ্য পিপলের সাগর ভাই মেজর আখতারুজ্জামানকে প্রশ্ন করেছিলেন, এরা সবাই রাজাকারের বাচ্চা কি না। জবাবে মেজর আখতারুজ্জামান বলেছিলেন, ‘হান্ড্রেড পার্সেন্ট, এরা শতভাগ রাজাকারের সন্তান!’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সেই জুলাইয়ের ‘গাদ্দার ও গণহত্যার মদতদাতা’ মেজর আখতারুজ্জামান এখন জামায়াত নেতা হয়ে গেছেন। জামায়াতকে সন্ত্রাসী দল বলা মেজর আখতারুজ্জামান এখন সুন্দর করে ‘নারায়ে তকবির’ স্লোগান দিতে শিখে গেছেন বলেও লিখেছেন তিনি।
পোস্টে তিনি প্রশ্ন রাখেন, ‘ধর্ম ব্যবসা শিখে গেলে এ সমাজে রাজনীতি করতে আর কী লাগে?’ জামায়াতের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে জামায়াতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে তিনিও কি দলটিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন?
রাশেদ খাঁন লিখেছেন, জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়ে আজ যখন মেজর আখতারুজ্জামান বলছিলেন, ‘ইয়াহিয়া খানই তো ঠেকাইতে পারেনি, তোমরা কী ঠেকাইবা’—তখনকার পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন তিনি।
তিনি লিখেছেন, মেজর আখতারুজ্জামান ‘ইয়াহিয়া খান ও ৭১-এর প্রসঙ্গে’ যেতেই হয়তো জামায়াতের আমির জিহ্বায় কামড় দিচ্ছিলেন। অথচ জামায়াতের আমির তাঁকে নিয়ে প্রশংসা করে বলেছেন, মেজর আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, পুরো বাংলাদেশের মানুষের নেতা—রাশেদের পোস্টে এ কথাও উল্লেখ করা হয়।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আবারও বলেন, ‘যাই হোক, মেজর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াতের আজকের আয়োজন দেখে জনগণ মন্তব্য করছে, ২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১-এর রাজাকার!’




