গাজীপুরে মাদক অভিযানে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার

গাজীপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ মল্লিক। হারানো পিস্তলটি উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে ওসি হারুনুর রশীদ পিস্তল হারানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পারভেজ মল্লিক তাঁর সঙ্গে থাকা পিস্তল হারিয়ে ফেলেছেন। ঘটনার দিনই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে। ওই সময় এএসআই পারভেজ মল্লিক গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তর পাশে উনিশে টাওয়ারসংলগ্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২ দলের দায়িত্বে ছিলেন।
এএসআই পারভেজ মল্লিক জানান, তিনি নিয়ম মেনেই ডিউটিতে গিয়েছিলেন। অভিযান চালিয়ে মদসহ দুজনকে আটকের পর গাড়িতে ওঠানোর সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাঁর দাবি, ওই সময়ও পিস্তলটি তাঁর সঙ্গেই ছিল।
আটক দুজনকে নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, পিস্তলটি সঙ্গে নেই। তবে ঠিক কোথায় বা কীভাবে পিস্তলটি হারিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
এএসআই আরও জানান, হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল। অভিযানের সময় তাঁর সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি হারুনুর রশীদ জানান, হারানো অস্ত্রের সন্ধান দিলে বা উদ্ধারে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।



