ভাষা ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে কিছু কর্মী বিনা খরচে ইতালি যেতে পারবেন: মাহদী আমিন

ভাষা ও আনুষঙ্গিক দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কিছু কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকার ইতালি দূতাবাস এবং তাদের আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মাহদী আমিন।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান ড. লরা টম বন্ডে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, দক্ষ, নিয়মতান্ত্রিক ও কম খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা নির্বাচিত নতুন সরকারের সুনির্দিষ্ট রূপকল্পের অংশ।
তিনি আরও বলেন, দক্ষ কর্মীদের ইতালি যাওয়ার ক্ষেত্রে সরকার বোয়েসেলসহ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করবে। কর্মীদের বিদেশ যাওয়ার আগে প্রবাসী কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।
বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। ২০২৫ সালে তারা ১ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে সেমিনারে জানানো হয়।
ইতালিতে বসবাসরত আড়াই লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা স্মরণ করে মাহদী আমিন বলেন, সংস্কৃতি, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি দুই দেশের মানুষের পারস্পরিক সেতুবন্ধনে অভিবাসন সব সময়ই সবচেয়ে বড় ভূমিকা রাখে।
তিনি বলেন, ইতালির সমাজ ও মূলধারার অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য, তেমনি তাদের পাঠানো প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।




