হার মানছি না, আবার বার পরীক্ষা দেব: কিম কার্দাশিয়ান

ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় আবার বসবেন মার্কিন রিয়েলিটি তারকা ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। আইনি নাটক 'অলস ফেয়ার'-এ আইনজীবীর চরিত্রে অভিনয়ের পর এবার বাস্তব জীবনেই আইনজীবী হতে চান তিনি।
কার্দাশিয়ান জানতে পারেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। হুলুতে প্রচারিত 'অলস ফেয়ার'-এর প্রথম সিরিজ সম্প্রচারের পর গত বছর এই ফল সামনে আসে। এর আগে তিনি ছয় বছর ধরে আইন পড়াশোনা করেছেন।
বিবিসির অ্যানাবেল র্যাকহামকে কার্দাশিয়ান বলেন, 'আমি আবার পরীক্ষা দেব এবং পাস করলেই সবাইকে জানাব। সে বিষয়ে আমি খুবই সরব হব।' একই সঙ্গে তিনি বলেন, 'সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত আমার এই যাত্রা নিয়ে আমি একটু বেশি চুপচাপ থাকব।' তাঁর ভাষায়, 'আমি হার মানার মানুষ নই।'
'অলস ফেয়ার'-এর দ্বিতীয় সিরিজ সামনে রেখে সহ-অভিনেত্রী নাওমি ওয়াটসের পাশে বসে এই কথা বলেন কার্দাশিয়ান।
প্রথম সিরিজটি সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়লেও স্ট্রিমিংয়ের রেকর্ড ভেঙেছিল বলে জানা গেছে।




