মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবেগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবেগ এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এতে চারজন প্রাণ হারান।
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নিহতদের মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।




