তিন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, দুই কিলোমিটারজুড়ে যানজট

ন্যূনতম বেতন বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।
অবরোধের কারণে এই মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা। সকাল ৯টা ৫০ মিনিটে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, শ্রমিকরা মহাসড়কে অবস্থান অব্যাহত রেখেছিলেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
শ্রমিকদের তিনটি দাবি হলো—পোশাক কারখানা শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, শ্রমিকদের বেআইনিভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিল।
পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হন। পরে তাঁরা সেখানে বিক্ষোভ করেন।
এরপর একেএইচ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে কিছু সময় পরে কারখানা থেকে বের হয়ে যান। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তিন দাবি তুলে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



