বিএনপি সরকারকে অনুসারীরাই বলছে 'লন্ডনিগো সরকার': প্রেসক্লাবে মঞ্জু

বিএনপি সরকারকে তাদের অনুসারী ও সমর্থকরাই এখন 'লন্ডনিগো সরকার' বলছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি পার্টির আয়োজনে 'বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়' শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, 'অতীতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের অনভিজ্ঞতার জন্য আমরা উপহাস করে বলেছিলাম, এটা হচ্ছে এনজিওগ্রাম সরকার। আর এখন এই বিএনপি সরকারকে তাদের অনুসারী বা সমর্থকরা বলছে লন্ডনিগো সরকার।'
নির্বাচনের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান হবে — এমন ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও এরশাদের কাছে নির্বাচন দাবি করা হয়েছে এবং খালেদা জিয়াকেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধ্য করা হয়েছিল।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই-তিনটি তুলনামূলক ভালো নির্বাচন হলেও দেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রত্যাশিত পরিবর্তন ও মেরামত হয়নি।
'এখন হতাশা, আফসোস ও কাদা ছোড়াছুড়ির মধ্যে পড়ে থাকলে চলবে না। এক যুদ্ধে পরাজয়ের পর পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেওয়াই সৈনিকের চরিত্র। তাই ঠান্ডা মাথায় পরিকল্পনা করে নতুন করে ভাবতে হবে। নির্বাচনের মাধ্যমে সমাধান হয়নি, গণ-অভ্যুত্থানের মাধ্যমেও প্রত্যাশিত সমাধান আসেনি — তাহলে সামনে সমাধানের পথ কী? অতীতের ভুলগুলো কোথায় ছিল, খুঁজে বের করতে হবে,' যোগ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজনদের উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান বলেন, 'আগে গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, এরপর জুলাই সনদ তৈরি করা হয়েছে। এবার সেই পথে না গিয়ে আগে রাষ্ট্র মেরামতের বিস্তারিত প্রস্তুতি, পরিকল্পনা ও সনদ তৈরি করতে হবে। সেই সনদে শুধু ৩৩টি রাজনৈতিক দলের স্বাক্ষর নয়, গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়া চার কোটি মানুষের স্বাক্ষর নিতে হবে।'
'এই চার কোটি মানুষের স্বাক্ষর গ্রহণ করে একটি বিস্তারিত সনদ তৈরি করতে হবে। সেখানে ইউনিয়ন কীভাবে চলবে, স্কুল-কলেজ কীভাবে পরিচালিত হবে, বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা কীভাবে পরিবর্তিত হবে, তার সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে। পাঁচ বছর না দশ বছর — কত মেয়াদে এই পরিবর্তন বাস্তবায়ন হবে, সেটিও নির্ধারণ করতে হবে। সেই পরিকল্পনার ভিত্তিতেই বাংলাদেশে পরবর্তী পাঁচ বা দশ বছরের সরকার পরিচালিত হবে,' বলেন তিনি।
বর্তমান সংবিধান ও বর্তমান ধাঁচের রাজনীতিকদের দিয়ে আগামী দিনের বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মজিবুর রহমান মঞ্জু। তিনি নতুন প্রজন্মের রাজনীতিকদের নিজেদের ভুল-ভ্রান্তি দূর করে নতুনভাবে জাগরণের স্বপ্ন দেখার আহ্বান জানান।




