হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪০২

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪০২ শিশু।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৭ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩২৫ শিশু।
হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ১৫০ জন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।



