পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংলগ্ন অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জানতে চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে বলা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া বলেন, পদ্মা নদী দেশের অর্থনীতি, পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জনজীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি এবং প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।



