তাহসিফ হত্যা মামলা: বান্ধবীর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবীকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন জানান।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে থাকাকালীন ওই তরুণী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন।
মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকায়, দুই আসামির বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করতে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ ও ক্রসচেক করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া ঘটনার দিন উত্তরার বিভিন্ন রেস্তোরাঁয় তাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা বা সম্পর্কের টানাপোড়েন ছিল কি না, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেফতারেও নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।



