…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

প্রতিদিন গড়ে ১০০টি চুল ঝরা স্বাভাবিক, এর বেশি পড়লেই সতর্ক হতে বলছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন গড়ে ১০০টি চুল ঝরা স্বাভাবিক, এর বেশি পড়লেই সতর্ক হতে বলছেন চিকিৎসকরা
ছবি: সংগৃহীত

সুন্দর, ঘন ও মজবুত চুল প্রায় সবারই চাওয়া। কিন্তু দৈনন্দিন জীবনের নানা ভুল অভ্যাস, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অপর্যাপ্ত পরিচর্যার কারণে অনেকেই চুল পড়া আর চুল ভেঙে যাওয়ার সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকদের বরাতে জানা গেছে।

চিকিৎসকদের মতে, মানুষের মাথার ত্বকে জন্মগতভাবেই নির্দিষ্ট সংখ্যক চুলের ফলিকল থাকে, সাধারণত ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজারের মধ্যে। ফলিকল হলো ত্বকের নিচে থাকা ক্ষুদ্র থলি, যেখান থেকে চুল গজায়। ফলিকলের গোড়ায় রক্ত সঞ্চালনের মাধ্যমে চুল প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পায়, যা চুলের বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

প্রতিদিন গড়ে প্রায় ১০০টি চুল ঝরে পড়া স্বাভাবিক। তবে এর চেয়ে বেশি চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া কিংবা সহজে ভেঙে যাওয়ার পেছনে বংশগত বৈশিষ্ট্য, পুষ্টির ঘাটতি, মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের মতো কারণ থাকতে পারে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ড. লিন্ডসে বোর্ডোন জানান, কঠোর ডায়েট চুলের জন্য ক্ষতিকর। শরীর পুষ্টির অভাবে মানসিক বা শারীরিক চাপে পড়লে শক্তির সঞ্চয় বজায় রাখতে চুলের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। হঠাৎ ওজন কমার ফলেও সাময়িকভাবে অতিরিক্ত চুল ঝরতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘টেলোজেন ইফ্লুভিয়াম’ বলা হয়।

চুল মূলত প্রোটিন দিয়ে গঠিত। খাবারের তালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকলে চুল পড়া বেড়ে যায়। বিশেষজ্ঞরা দৈনিক অন্তত ৫০ গ্রাম বা তার বেশি প্রোটিন গ্রহণের পরামর্শ দেন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভালো মানের প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।

ক্যাফেইন চুলের বৃদ্ধিতেও কার্যকর বলে গবেষণায় উঠে এসেছে। ২০২০ সালের এক গবেষণায় দেখা গেছে, ক্যাফেইনযুক্ত শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহারে মাথার ত্বকের কোষের উদ্দীপনা বাড়ে, যা ওষুধভিত্তিক চিকিৎসার মতোই কার্যকরভাবে চুল পড়া প্রতিরোধ করতে পারে।

বিভিন্ন প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে পাম্পকিন সিড অয়েল বা মিষ্টি কুমড়ার বিচির তেল, রোজমেরি অয়েল, পেপারমিন্ট অয়েল, জোজোবা ও ল্যাভেন্ডার তেল চুলের গোড়া মজবুত করতে ও নতুন চুল গজাতে সহায়তা করে।

শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাব হলেও চুলের গঠনে নেতিবাচক প্রভাব পড়ে। আয়রন, জিংক, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ই, এ এবং ফোলিক অ্যাসিডের ঘাটতি চুল পড়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে। গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ ও ওমেগা-৬ সাপ্লিমেন্ট চুল পড়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাথার ত্বক প্রতিদিন আঙুল দিয়ে ম্যাসাজ করলে রক্তের কৈশিক নালিগুলো প্রসারিত হয়। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলকে গোড়া থেকে শক্ত ও মোটা করে তোলে; ফলে চুল সহজে ভেঙে যায় না।

চুলের আধুনিক চিকিৎসায় প্লেটলেট-রিচ প্লাজমা বা পিআরপি থেরাপির কথাও উল্লেখ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মতে, রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেট নিয়ে স্ক্যাল্পে ইনজেক্ট করা হয়, যা স্টেম সেলের মতো কাজ করে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

কার্লিং আয়রন, স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার চুলের আর্দ্রতা নষ্ট করে চুলকে শুষ্ক করে ভেঙে ফেলে। তাই স্টাইলিং টুল ব্যবহারের সময় তাপমাত্রা কম রাখা এবং হিট প্রটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করা জরুরি। একইভাবে স্থায়ী হেয়ার ডাই বা কেমিক্যালযুক্ত রঙে চুলের প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়ে চুল পাতলা ও দুর্বল হয়, তাই কেমিক্যালযুক্ত রঙ এড়িয়ে চলাই শ্রেয়।

চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে বহুল ব্যবহৃত ওষুধ মিনোক্সিডিলের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হয়, কারণ কাঙ্ক্ষিত ফল পেতে ১২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত শ্যাম্পু বা লিভ-ইন স্ক্যাল্প ট্রিটমেন্ট স্ক্যাল্পের প্রাকৃতিক সুরক্ষাবলয় তৈরি করে মাথার ত্বক সুস্থ রাখে ও চুল পাতলা হওয়া প্রতিরোধ করে।

কয়েক মাস পরপর চুলের আগা ছেঁটে নিলে স্প্লিট এন্ডস বা চুলের মুখ ফেটে যাওয়ার সমস্যা দূর হয়। তবে এটি সরাসরি চুল দ্রুত লম্বা করে না, কারণ চুল প্রতি মাসে গড়ে মাত্র আধা ইঞ্চি বাড়ে। ট্রিম করলে আগা ভাঙা বন্ধ হয়, ফলে চুল দেখতে ঘন ও সুস্থ লাগে।

প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম মেলাটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে। সুতি কাপড়ের বদলে রেশম বা স্যাটিনের বালিশের কভার ব্যবহারে চুলের ঘর্ষণ কমে। ভেজা চুলে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয়, কারণ ভেজা অবস্থায় চুলের গোড়া নরম ও ভঙ্গুর থাকে। দীর্ঘস্থায়ী মানসিক চাপে চুল ‘রেস্টিং ফেজ’-এ চলে গেলে নতুন চুল গজানোর বদলে দ্রুত ঝরতে শুরু করে; চাপ কমাতে প্রতিদিন হালকা ব্যায়াম, মেডিটেশন ও সুষম খাদ্য জরুরি।

চুল রাতারাতি লম্বা করার কোনো অলৌকিক উপায় নেই। তবে সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত প্রোটিন, ভালো ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও চুলের সঠিক পরিচর্যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে। চুল পড়া বেশি হলে বা দীর্ঘদিন চুলের বৃদ্ধি না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিক্যাল ভর্তি পরীক্ষা, নতুন তারিখ এখনো চূড়ান্ত নয়

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছি…

মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক
স্বাস্থ্য

মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক রোগীর স্…

স্বাস্থ্য

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যায় ২০৪ শিশু, জায়গা না পেয়ে গাছতলায় চিকিৎসা

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে তীব্র শয্যাসংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ৪৫টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ২০৪ …

হামের টিকা বিলম্বে দায় খুঁজতে তদন্ত কমিশন, সভাপতি সাবেক বিচারপতি মামনুন রহমান
স্বাস্থ্য

হামের টিকা বিলম্বে দায় খুঁজতে তদন্ত কমিশন, সভাপতি সাবেক বিচারপতি মামনুন রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামের টিকা কেনাকাটা ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের দায় নির্…