মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক রোগীর স্বজনদের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলায় বিভিন্ন জিনিসপত্র লুটপাটও হয়েছে এবং আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত হাসপাতালটিতে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠোঁটে আঘাত পাওয়া এক রোগী সেখানে চিকিৎসা নেন এবং তাঁর চিকিৎসার বিল আসে তিন হাজার টাকা।
রোগীর স্বজনেরা বিল কমানোর অনুরোধ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ বিলের কিছু অংশ মওকুফ করতে রাজি হয়। তবে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় বলে সূত্র জানিয়েছে।
রোগী বিল পরিশোধ করে হাসপাতাল ছেড়ে যাওয়ার পর কয়েকজন যুবক সেখানে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালটির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনি বলেন, এই ঘটনায় হাসপাতালের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।
হামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি আবদুল হালিম।



