অর্ধেক দল ছাড়াই ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে চায় পাকিস্তান, বললেন অধিনায়ক গাজী
সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোনো ধরনের অজুহাতের আশ্রয় নিতে চান না পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী। নিয়মিত একাদশের প্রায় অর্ধেক খেলোয়াড় ছাড়াই তার দলকে মাঠে নামতে হচ্ছে, তবু ভারতকে ছেড়ে কথা না বলার বার্তা দিয়েছেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ভারতের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে নিজেদের সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক গাজী।
গাজী বলেন, ‘আমাদের যে ছেলেরা আছে তারা অভিজ্ঞ খেলোয়াড়। তবে অর্ধেক খেলোয়াড় আমাদের মূল স্কোয়াডের বাইরে। যদি তারা আসে দল আরও ভালো হবে। তবে এখন আমাদের যে স্কোয়াড আছে, তারা নিয়মিত ফুটবল খেলে এবং দলের খেলোয়াড়রাও অভিজ্ঞ। আমরা যে দলের সঙ্গেই খেলি না কেন একটি ভালো লড়াই হবে। আমরা টুর্নামেন্ট জেতার চেষ্টা করব।’
ভারতের মুখোমুখি হওয়া সবসময়ই বাড়তি চাপের বলে মেনে নিয়েছেন গাজী। তিনি বলেন, দুই দলের খেলোয়াড়দের জন্যই এটি খুব বিশেষ এক ম্যাচ।
প্রতিপক্ষকে কঠিন সময় উপহার দেওয়ার প্রত্যয় জানিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা ইতিবাচক ও লড়াকু ফুটবল উপহার দিয়ে ভারতকে মাঠে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চাই।’

