ডলারের বাজারে চাপ: রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করা হয়।
এর আগে দীর্ঘ বিরতির পর গত সপ্তাহে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ডলারের সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল রাখতেই রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে।
বুধবারের নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডের মাধ্যমে ন্যূনতম ৫ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগে মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম আহ্বান করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে অনেক ব্যাংক অংশ নিলেও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। কী কারণে নিলাম বাতিল করা হয়েছিল, সে বিষয়ে ব্যাংকগুলোকে কিছু জানানো হয়নি।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত টানা তিন বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের বেশি থাকা রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।
পরবর্তী সময়ে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার নীতি গ্রহণ করেন। পরবর্তী গভর্নরও একই অবস্থান বজায় রাখেন। এতে রিজার্ভ বাড়তে বাড়তে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর রিজার্ভ দাঁড়ায় ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে এরপর কমে গত মঙ্গলবার তা ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমে আসে।
এদিকে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত কয়েক দিনে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম বাড়ছে। চলতি সপ্তাহে প্রতি ডলারের দর ১২৪ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার ১২৪ টাকা ৩৫ পয়সায় বিক্রি হয়েছে। এর আগের দুই দিন দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।
এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ছিল ১২৩ টাকা। ধারাবাহিকভাবে বেড়ে মাসের শেষ কর্মদিবসে তা ১২৩ টাকা ৯৯ পয়সায় পৌঁছায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। চলতি বছরের মার্চ থেকে বাড়তে বাড়তে বর্তমানে তা ১২৪ টাকা ৩৫ পয়সায় পৌঁছেছে।




