…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কুষ্টিয়ার দৌলতপুরে দুদকের অভিযান: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দের নথি

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়। সরকারি চাল উত্তোলনের নথি ও খাদ্যশস্য বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় বেশ কিছু নথিতে অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের মূল নথিতে মৃত চেয়ারম্যানের নাম পেয়েছেন কর্মকর্তারা। তার নামে ১০৭ বস্তা, অর্থাৎ ৩ দশমিক ২১০ মেট্রিক টন চাল গ্রহণের তথ্য পাওয়া গেছে। তবে প্রাপ্তি স্বীকারপত্রে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হকের স্বাক্ষর পাওয়া গেছে।

দুদক সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ করা চাল বিতরণসংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে সাবেক মৃত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর নামে চাল বরাদ্দের তথ্য পাওয়া যায়। নথিতে ১০৭ বস্তা চাল গত ১৩ অক্টোবর গ্রহণের উল্লেখ রয়েছে।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। ফলে তার নামে কীভাবে চাল বরাদ্দ দেখানো হয়েছে, তা জানা যায়নি।

প্রায় দুই বছর আগে চেয়ারম্যান সেন্টুর মৃত্যুর পর থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন একরামুল হক।

ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, দুদকের ডাকে গত মাসের ১৮ তারিখে সরকারি বরাদ্দের ভিজিডি চালের নথিতে স্বাক্ষর করতে গিয়ে তিনি নথিতে মৃত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর নাম দেখতে পান। নথিতে সেন্টুর নাম কীভাবে এলো, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে বুধবার বেলা সোয়া ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাদ্যগুদামে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ, মজুত ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা।

এর আগে খাদ্যগুদামে চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে এবং নথিপত্র যাচাইয়ের সময় বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। তিনি বলেন, ফিলিপনগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের মূল নথিতে মৃত চেয়ারম্যানের নাম পাওয়া গেছে, তবে প্রাপ্তি স্বীকারপত্রে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরে বরাদ্দের চাল নিয়ে গেছেন আরেকজন। এসব বিষয় মাথায় রেখে অন্য সব বিষয়ে তদন্ত চলছে, নথিপত্র চাওয়া হয়েছে এবং অধিকতর তদন্ত করা হবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ফেনীর পরশুরামে ১২ দিনের ব্যবধানে স্ত্রী ও নবজাতককে হারালেন মিলন, দাফন মায়ের কবরের পাশে

ফেনীর পরশুরামে ভালোবেসে বিয়ে করা স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাওয়ার ১২ দিন পর মারা গেছে তাঁদের ১২ দিন বয়সী একমাত্র সন্ত…

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…

শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যায় না: ৫৪তম বার্ষিকীর আলোচনায় বক্তারা
জাতীয়

শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যায় না: ৫৪তম বার্ষিকীর আলোচনায় বক্তারা

শুধু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না—বাংলাদেশের সংবিধানের ৫৪তম বার্ষিকীর আলোচনায় বক্তারা এ কথা বলেছেন…