রজনীকান্তের নতুন ছবি ‘ধর্মন’-এ নায়িকা শ্রীলীলা, পরিচালনায় অশ্বথ মারিমুথু
দক্ষিণী সিনেমার নতুন আলোচিত জুটি রজনীকান্ত ও অভিনেত্রী শ্রীলীলা। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান পেরিয়ে নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। রজনীকান্তের আসন্ন সিনেমা ‘ধর্মন’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন শ্রীলীলা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ধর্মন’ পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও এই পরিচালক। একইভাবে রজনীকান্তের সঙ্গেও প্রথমবার পর্দা ভাগ করবেন শ্রীলীলা।
অভিনেত্রীকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে সিনেমাটিতে শ্রীলীলার উপস্থিতির আভাস দেওয়া হয়েছে।
রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না।
ছবিটির প্রথম প্রচারঝলক প্রকাশের পর থেকে রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। তবে চরিত্রটির পরিচয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন, যার অর্থ ‘খারাপ মানুষ’; ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণী চলচ্চিত্রে শ্রীলীলার ব্যস্ততা বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল ছবিতে অভিষেক হয় তাঁর। ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্র রোজা হিসেবে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি।
‘ধর্মন’-এর সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি।
সিনেমাটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’।




