ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন নিয়োগ দেবে দৈনিক এশিয়া পোস্ট, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
অনলাইনের পর এবার ছাপা পত্রিকা হিসেবে বাজারে আসছে ‘দৈনিক এশিয়া পোস্ট’। ছাপা সংস্করণের জন্য ছয়টি বিভাগে মোট ৬২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে গণমাধ্যমটি।
আগ্রহী যোগ্য প্রার্থীরা এশিয়া পোস্টের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর ২০২৬। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে রিপোর্টিং বিভাগে। এই বিভাগে সিনিয়র রিপোর্টার নেওয়া হবে ৫ জন, যাদের রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টাফ রিপোর্টার নেওয়া হবে ১৫ জন, অভিজ্ঞতা লাগবে ৫ থেকে ৭ বছর। জুনিয়র রিপোর্টার নেওয়া হবে ৫ জন, অভিজ্ঞতা ১ থেকে ২ বছর।
সম্পাদনা বিভাগে চারটি ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কপি এডিটর ২ জন (অভিজ্ঞতা ৭ থেকে ১০ বছর), সিনিয়র সাব-এডিটর ৪ জন (অভিজ্ঞতা ৫ বছর), সাব-এডিটর ৭ জন (অভিজ্ঞতা ৩ বছর) এবং সম্পাদনা সহকারী ৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর)।
গ্রাফিক্স বিভাগে দুই ক্যাটাগরিতে ছয়জনকে নেওয়া হবে। হেড অব গ্রাফিক্স পদে ১ জন, যার ছাপা পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার পদে নেওয়া হবে ৫ জন, অভিজ্ঞতা লাগবে ৩ থেকে ৫ বছর।
মার্কেটিং বা সেলস বিভাগে জেনারেল ম্যানেজার, মার্কেটিং পদে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে ৫ জন নেওয়া হবে, যাদের অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর। এ ছাড়া ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।
গবেষণা বিভাগে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১ জন হেড অব রিসার্চ এবং ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৫ জন রিসার্চ এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ্যতা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং ওয়েজ বোর্ড প্রযোজ্য হবে।


