সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, অনুমতি পেল তিনটি জাহাজ
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক পরিবহনের জন্য তিনটি জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অনুমোদন পাওয়া জাহাজগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করবে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের তথ্য জানানো হয়।
জাহাজমালিকদের তথ্যমতে, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর অনুমোদন এবং কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচল শুরু হচ্ছে। তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট ছাড়বে। অন্যদিকে এমভি টেকনাফের যাত্রা শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে; জাহাজটি বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনে পৌঁছানোর কথা রয়েছে।
গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাসের জন্য পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে দ্বীপটিতে রাত্রিযাপনেরও সুযোগ থাকছে। তবে ভ্রমণের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

